Monday, November 9, 2026

পরের বাড়ির মেয়ে

 



বিয়ের আগে তানভীর বুক ফুলিয়ে বলতো, জীবনে কোনোদিন মায়ের কথা শোনেনি। বিয়ের রাতে সেই তানভীরই আমার হাত দুটো ধরে গম্ভীর গলায় বললো, “একটা কথা মনে রেখো, আম্মার কথার বাইরে এক পা’ও যাবে না।”

শুনে আমি সরল ভঙ্গিতে হেসেছিলাম। বোকার মতো ভেবেছিলাম, নিশ্চয়ই বাসর রাতের রসিকতা।
ইউনিভার্সিটিতে তানভীরের যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি টেনেছিলো, তা হলো ওর একরোখা স্বভাব। টিএসসির চায়ের দোকানে বসে ও একগাল হেসে নিজের গুণকীর্তির গল্প শোনাতো। ক্লাস সেভেনে আম্মার চোখ ফাঁকি দিয়ে বাথরুমে বসে প্রথম সিগারেট টেনেছিলো। আম্মা চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক, ও ভর্তি হলো মার্কেটিংয়ে। আম্মার কড়া নিষেধ উপেক্ষা করে ফোন বন্ধ রেখে রাতের বাসে বন্ধুদের সঙ্গে বান্দরবান চলে গিয়েছিলো। একবার আমার সামনেই ফোনে আম্মার সঙ্গে তুমুল চেঁচামেচি করে লাইন কেটে দিলো। তারপর চোখ টিপে বললো, “আম্মা সবকিছুতে নাক গলায়, পাত্তা দিলেই মাথায় ওঠে।”
আমি মুগ্ধ হতাম। মনে হতো, এমন মানুষই তো চাই, যে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেয়। আম্মা চেয়েছিলেন দুঃসম্পর্কের খালাতো বোন মুনিয়াকে ঘরের বউ করে আনতে। তানভীর সাফ জানিয়ে দিয়েছিলো, “বিয়ে করলে নাবিলাকেই করবো, নইলে করবো না।” এমন বীরত্বের পর তাকে বিয়ে না করে উপায় আছে?
দক্ষিণ বনশ্রীর পুরোনো তিনতলা বাড়িতে পা রাখার প্রথম সপ্তাহেই বুঝলাম, এই বাড়ির নিজস্ব একটা সংবিধান আছে। অবধারিতভাবেই সেই সংবিধানের রচয়িতা আম্মা। মাগরিবের আজান পড়তেই তিনি আঁতকে উঠে বললেন, “বউ, চুল বান্ধো! ভরসন্ধ্যায় চুল খোলা রাখতে নাই, খারাপ বাতাস লাগে।” রাতে নখ কাটতে দেখে বললেন, “অলুক্ষণে কাম! রাইতে নখ কাটে কেডা?” সন্ধ্যার পর ঝাড়ু হাতে নিতেই ছুটে এলেন, “রাখো, রাখো! বরকত চইলা যাইবো।” কেউ বাইরে বের হওয়ার সময় পেছন থেকে ডাকা নিষেধ, তাতে যাত্রা অশুভ হয়। বউ মানুষ জোরে হাসবে না। বাপের বাড়ি যাওয়া যাবে মাসে একবার, তাও জামাইকে সঙ্গে নিয়ে।
হাসিমুখেই সব মেনে নিলাম আমি। চুল বাঁধতে কিংবা নখটা সকালে কাটতে আমার কী এমন ক্ষতি! নতুন সংসারে মানিয়ে নিতে এটুকু তো করাই যায়। আম্মার মন জয় করতে চেষ্টারও কোনো কমতি রাখিনি। তার পছন্দের কচুর লতি রেঁধেছি, রাত জেগে হাঁটুতে তেল মালিশ করে দিয়েছি। প্রেশার মাপাতে ডাক্তারের কাছেও নিয়ে গেছি আমিই। তানভীরের নাকি সময় হয় না। তবু আম্মার চোখে আমি রয়ে গেলাম সেই মেয়ে, যার জন্য তাঁর ছেলে মুনিয়াকে ফিরিয়ে দিয়েছিলো।
এদিকে নিয়মের তালিকা দিন দিন লম্বা হতে লাগলো। বিয়ের কয়েক মাস না যেতেই রোজ রাতে হুজুরের পানিপড়া আসতে লাগলো, নাতির মুখ দেখার আশায়। কোনো কিছুতে একটু আপত্তি করলেই তানভীর বিরক্ত গলায় বলতো, “আম্মা কষ্ট পাবে, এমন কিছু করবে না। মা-বাবার কথা মানা ফরজ, জানো না?” আমার খুব জানতে ইচ্ছা করতো, তাহলে আমার নিজের মা-বাবার কথা মানা কি আমার ওপর ফরজ না?
কিছুদিন আগে বাবা অসুস্থ হয়ে শেরপুরে বিছানায় পড়লেন। মাসে একবারের নিয়ম ভেঙে দেখতে যেতে চাইলাম। তানভীর গম্ভীর মুখে বললো, “আম্মা পছন্দ করবে না।” ফোনের ওপাশে বাবা ক্লান্ত গলায় শুধু বললেন, “মানিয়ে চলিস, মা।” সেদিন হাত-পা ছড়িয়ে বাথরুমের দরজা বন্ধ করে অঝোরধারায় কেঁদেছিলাম।
অথচ সেই তানভীরই রোজ রাতে ছাদে উঠে সিগারেট ফুঁকতো। আম্মা গন্ধ পেয়ে কিছু বলতে গেলে খেঁকিয়ে উঠতো, “আম্মা, তুমি থামবা?” বাংলাদেশের খেলা থাকলে সে গলা ফাটিয়ে চেঁচাতো, অথচ আমার হাসির শব্দ একটু জোরে হলেই চোখ রাঙাতো। মাগরিবের পর বউয়ের বাইরে যাওয়া নিষেধ, অথচ ছেলে ঠিক সেই সময়েই বন্ধুদের সঙ্গে মোড়ের চায়ের দোকানে আড্ডা দিতে বের হতো। শুক্রবার আম্মা ডেকে ডেকে হয়রান হতেন, আর ছেলে জুমার আজান পেরিয়েও নাক ডেকে ঘুমাতো। সত্যি সেলুকাস, কী বিচিত্র এই মানুষ! নিজের বেলায় স্বাধীনতা, আর বউয়ের বেলায় ধর্ম, সংস্কার আর সংসারের দোহাই।
তবু আম্মাকে আমি ঠিক অপছন্দ করতে পারতাম না। এক দুপুরে দেখি, তিনি আমার বইয়ের তাক থেকে একটা উপন্যাস নামিয়ে খুব যত্ন করে পাতা উল্টাচ্ছেন। আমাকে দেখে সহসাই বইটা রেখে দিলেন। তারপর বিব্রত ভঙ্গিতে বললেন, “এইসব নভেল পইড়া মাইয়ারা নষ্ট হয়।” আরেকদিন সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করেছিলাম, ভরসন্ধ্যায় বউদের বাইরে যাওয়া নিষেধ কেন। আম্মার মুখটা হঠাৎ কেমন অন্ধকার হয়ে গেলো। কোনো উত্তর না দিয়ে তসবিহ হাতে নিজের ঘরে চলে গেলেন।
এক শুক্রবার রাতে খাওয়ার টেবিলে আম্মা ঘোষণা দিলেন, “বউ, চাকরিটা ছাইড়া দাও। ঘরের বউ সারাদিন বাইরে খাইটা মরে, মাইনষে কয় কী?” আমি যথাসম্ভব নরম গলায় বললাম, “আম্মা, চাকরিটা আমার অনেক সাধনা করে পাওয়া।” আম্মা আর কিছু বললেন না। ভাতের থালা ঠেলে উঠে গেলেন।
ঘরে ঢুকেই তানভীর আক্রোশে ফেটে পড়লো। “আম্মার মুখের ওপর না বললে? এই বাড়িতে থাকতে হলে আম্মার কথা অক্ষরে অক্ষরে মানতে হবে, বুঝেছো?”
আমি নির্লিপ্ত গলায় জিজ্ঞেস করলাম, “অক্ষরে অক্ষরে? তুমি কোনোদিন মেনেছো, তানভীর? ক্লাস নাইনের সিগারেট, ডাক্তারি না পড়ে মার্কেটিং, চুপিসারে বান্দরবান ট্যুর, হলেও হতে পারতো বউ মুনিয়া, গল্পগুলো তো তুমিই বুক ফুলিয়ে আমাকে শুনিয়েছিলে। আজ দুপুরেও আম্মা তোমাকে জুমায় যাওয়ার জন্য ডেকেছিলেন, তুমি নাক ডেকে ঘুমিয়েছো। জুমা আদায় তো তোমার ওপর অর্পিত সাপ্তাহিক বিধান ছিলো, তাই না?”
তানভীর বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলো। আমি থামলাম না। “যে মা তোমাকে পেটে ধরেছেন, খাইয়ে পরিয়ে মানুষ করেছেন, তার কথাই তুমি শোনোনি। আমাকে তো উনি পেটে ধরেননি। আমারও একজন মা আছেন, যিনি নিজের হাতের বালা বেচে আমার ভর্তির টাকা জোগাড় করেছিলেন। আমার বাবা বুড়ো বয়সে সাইকেল চালিয়ে টিউশনি করেছেন আমাকে পড়াবেন বলে। তাঁদের সব কথাও তো আমি মানিনি! অথচ বাবা বিছানায় পড়ে আছেন, তুমি আম্মার নাম করে আমাকে দেখতেও যেতে দিচ্ছো না।”
তানভীর চেঁচিয়ে উঠলো, “তুমি আর আমি এক হলাম? আমি এই বাড়ির ছেলে!”
“এই তো আসল কথাটা বললে,” শান্ত গলায় বললাম আমি। “মানিয়ে নিতে আমি রাজি, তানভীর। কিন্তু মানিয়ে নেওয়া আর মাথা বিকিয়ে দেওয়া এক জিনিস না। সমস্যা আম্মার কথায় না, সমস্যা তোমার মনে। নিজের সারাজীবনের অবাধ্যতার দেনা তুমি আজ আমার নিঃশর্ত বাধ্যতা দিয়ে শোধ করাতে চাও।”
ঠিক তখনই খুট করে দরজাটা খুলে গেলো। চৌকাঠে দাঁড়িয়ে আছেন আম্মা, হাতে তানভীরের রাতের দুধের গ্লাস। কতোক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলেন, কে জানে!
আম্মা গ্লাসটা টেবিলে রেখে খাটের এক কোণে বসলেন। তারপর ছেলের চোখে চোখ রেখে জিজ্ঞেস করলেন, “বউ যা কইলো, সব সত্য?”
তানভীর আমতা আমতা করে বললো, “আম্মা, তুমি ভুল বুঝতেছো...”
“চুপ কর!” আম্মার হিমশীতল কণ্ঠে পুরো ঘর থমকে গেলো।
অনেকক্ষণ চুপ করে থেকে আম্মা নিচু গলায় বলতে শুরু করলেন, “আমিও একদিন পরের মাইয়া হইয়া এই বাড়িতে আসছিলাম। ক্লাস নাইনে পড়তাম, অঙ্কে সবার চাইতে আগায়া আছিলাম। তোর দাদি প্রথম দিনই আমার বইখাতা তুইলা রাখলো। আর কইলো, আউটবই পইড়া মাইয়া মানুষ নষ্ট হয়।”
তারপর আম্মার গলাটা ভেঙে এলো। “যেদিন আমার আব্বা মারা গেলো, খবর আসছিলো মাগরিবের সময়। তোর দাদি কইলো, ভরসন্ধ্যায় বউ মানুষ বাইর হয় না, সকালে যাইও। সকালে গিয়া দেখি, আব্বারে মাটি দেওয়া শেষ। শেষবারের মতো মুখটাও দেখতে পারি নাই।”
আম্মা রক্তচক্ষু মেলে ছেলের দিকে তাকালেন। “বউয়ের আব্বা বিছানায় পইড়া আছে, বউ দেখতে যাইতে চাইছে। তুই একবারও আমারে জিগাইছোস?” তানভীর মাথা নিচু করলো। “তুই জীবনে আমার কোনো কথা শুনস নাই, আমি সইছি। তুই আমার পেটের ছেলে। কিন্তু আমার নাম ভাঙাইয়া পরের মাইয়ার ওপর জোর খাটাবি, এইটা আমি বাঁইচা থাকতে হইতে দিমু না। মায়েরে সম্মান করা আর বউরে দাসী বানানো এক কথা না।”
তারপর আমার মাথায় হাত রেখে বললেন, “চাকরি তুমি করো, মা। আমার যা হয় নাই, তোমার হোক। আর কাইলই বাপেরে দেখতে যাও।”
সেই রাতে উপলব্ধি করলাম, আম্মা নিয়মগুলো এতো শক্ত করে আঁকড়ে ধরে ছিলেন কেন। নিয়মগুলো ভুল মেনে নিলে যে নিজের জীবনের সব কান্নাই বৃথা হয়ে যায়! তানভীর আর ছাদে উঠলো না। সুবোধ বালকের মতো দুধের গ্লাসটা শেষ করে পাশ ফিরে শুয়ে পড়লো। বাপরে বাপ!
পরদিন ভোরে শেরপুরের বাস ধরতে বের হচ্ছি, পেছন থেকে আম্মার ডাক এলো, “বউ, শোনো!” আমি থমকে দাঁড়ালাম। যে মানুষ জীবনে কোনোদিন কাউকে পেছন থেকে ডাকেননি, তিনি আজ ডাকছেন! আম্মা খানিকটা লাজুক ভঙ্গিতে বললেন, “বেয়াই সাহেবরে আমার সালাম দিও। আর হ্যাঁ… ফিরার পথে আমার লাইগা ভালো একখান আউটবই আইনো।”
কয়েকদিন পর সন্ধ্যায় বই হাতে ফিরে দেখি, আম্মা বারান্দায় বসে আছেন। মাগরিবের আজান পড়লো। আমার খোলা চুলের দিকে তাকিয়ে অভ্যাসবশে কিছু বলতে গিয়েও থেমে গেলেন আম্মা। আমি নিজে থেকেই চুলটা বেঁধে নিলাম। আম্মা অবাক হয়ে বললেন, “থাক না, খোলাই থাক!”
আমি হেসে বললাম, “ভয়ে বাঁধিনি, আম্মা। আপনার জন্য বাঁধলাম।”
আম্মা শীর্ষেন্দুর বইটা বুকে চেপে ধরে হাসলেন। তারপর অনেকক্ষণ বারান্দায় পাশাপাশি বসে রইলাম আমরা, দুই প্রজন্মের দুই পরের বাড়ির মেয়ে।

তাইমুর মাহমুদ শমীক

No comments:

Post a Comment