পেটের ক্ষুধা, মনের ক্ষুধা, শরীরের ক্ষুধা সব মিটে যায় যখন আমার স্ত্রীর সান্নিধ্যে আসি । ছোট বয়সে মায়ের বুকের কাছে গেলে শান্তি পেতাম । আর, এখন শান্তি পাই স্ত্রীর বুক বা পেটের কাছে গেলে । ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ধর্মীয় আন্দোলন শুরু হয়েছে-
“স্ত্রীকে বেশি ভালোবাসা শিরক!”
কথাটির পূর্ণ প্রসঙ্গ আমার জানা নেই। তবে ইসলাম ধর্মের নামে যেভাবে কথাটি ছড়ানো হচ্ছে, তাতে একটা প্রশ্ন জাগে। নিজের জীবনসঙ্গীকে গভীরভাবে ভালোবাসার মধ্যেও কি মুসলমানকে পাপের ভয় দেখাতে হবে ?
আমরা দেখি, হিন্দু ধর্মের বৈদিক বিবাহমন্ত্রে কী সুন্দর একটি কামনা আছে। নবদম্পতিকে বলা হচ্ছে, তোমরা একসঙ্গে থেকো, পূর্ণ আয়ু লাভ করো, আপন ঘরে পুত্র-পৌত্রদের সঙ্গে খেলতে খেলতে আনন্দে দিন কাটাও। বিয়ের দিনেই যেন তাঁদের সামনে তুলে ধরা হচ্ছে বহু বছর পরের একটি বিকেল। দুজনের চুল পেকেছে। ঘরে নাতিদের খেলার শব্দ। তাঁরা তখনও পাশাপাশি। (অথর্ববেদ ১৪.১.২২, ঋগ্বেদ ১০.৮৫.৪২)
ঋগ্বেদের সেই একই বিবাহসূক্তে আরেকটি প্রার্থনা আছে। ইন্দ্র যেন কনেকে দশ পুত্র দেন এবং তাঁর স্বামীকে করেন একাদশ। ‘স্বামীকে একাদশ করো’ কথাটির ব্যাখ্যা নিয়ে আলোচনা হতে পারে। আমার মনে সবচেয়ে বেশি দাগ কাটে সেই প্রথম আশীর্বাদটি, যেখানে দুজন মানুষের একসঙ্গে বুড়ো হওয়ার আনন্দ কামনা করা হয়েছে। (ঋগ্বেদ ১০.৮৫.৪৫)
আমি একজন মুসলমান !
আমার কাছেও দাম্পত্যের কথা বলতে গেলে, যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওই কথার চেয়ে হিন্দু ধর্মের এই বিবাহমন্ত্রের আশীর্বাদ অনেক বেশি মূল্যবান। আর কোরআনের সূরা আর-রূমেও দাম্পত্যে পরস্পরের কাছে শান্তি পাওয়ার কথা আছে। স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও মমতা স্থাপনকে সেখানে আল্লাহর নিদর্শন বলা হয়েছে। (৩০:২১)
বিয়ের দিনে আমি নবদম্পতিকে এই আশীর্বাদই করতে চাই। তোমরা একে অন্যকে গভীরভাবে ভালোবাসো। বহু বছর পরেও, দিনের শেষে, একজন যেন আরেকজনের কাছে বসে শান্তি পায়।
Jalaluddin Ahmed

No comments:
Post a Comment