Sunday, November 22, 2026

কিছু কিছু রান্না শুধু স্বাদের জন্য নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে অনেক স্মৃতি,

 


কিছু কিছু রান্না শুধু স্বাদের জন্য নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে অনেক স্মৃতি, অনেক ভালোবাসা আর প্রিয় মানুষের কথা। ❤️
আজ যে সব্জির রান্নাটা করলাম, সেটা আমার শাশুড়িমায়ের ভীষণ পছন্দের ছিল। মা একটু টক টক স্বাদের রান্না খুব ভালোবাসতেন। দক্ষিণ ভারতীয় রান্নার প্রতিও মায়ের একটা আলাদা টান ছিল। পারলে প্রায় সব রান্নাতেই একটু কারিপাতা দিয়ে দিতেন।
মা চলে যাওয়ার আগে প্রায় দেড় বছর একেবারে শয্যাশায়ী ছিলেন। তখন অনেকটা ছোট্ট বাচ্চার মতো হয়ে গিয়েছিলেন। কিছুই খেতে চাইতেন না। কিন্তু একটু কারিপাতার গন্ধ মাখানো টক টক স্বাদের কিছু রান্না করে দিলে তবেই একটু খেতেন।
এমনই একদিন মায়ের জন্য কাঁচা টম্যাটো, পাকা টম্যাটো আর বিউলির ডালের বড়া দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়েছিলাম। মায়ের যে কী ভালো লেগেছিল! মায়ের ছেলেরও খুব পছন্দ হয়েছিল। তারপর থেকে সুযোগ পেলেই রান্নাটা করতাম।
এই মরসুমে আজ প্রথম কাঁচা টম্যাটো আসলো বাড়িতে তাই আর দেরি না করে বানিয়ে ফেললাম সেই পুরোনো রান্না। স্বাদটা যেন আজও ঠিক একই রকম রয়ে গেছে, শুধু সেই মানুষ দুটো আর নেই।
কিছু রান্না হয়তো সময়ের সঙ্গে হারিয়ে যায় না, বরং প্রিয় মানুষগুলোর স্মৃতি হয়ে আমাদের সংসারের রান্নাঘরে বেঁচে থাকে।

ভাবলাম, এই ভালো লাগার রান্নাটা তোমাদের সঙ্গেও ভাগ করে নিই। যদি তোমাদেরও ভালো লাগে, তাহলে আমার শেয়ার করাটা সার্থক হবে। ❤️
🌿যেভাবে বানালাম-প্রথমেই 1 কাপ বিউলির ডাল 5/6 ঘন্টা
ভিজিয়ে জল ঝরিয় সামান্য হলুদ ও নুন দিয়ে বেটে নিয়েছি।
🌿2 টো আলু খোসা ছাড়িয়ে লম্বায় 2 টুকরো করে তারপর আড়াআড়ি ভাবে পাতলা করে কেটে নিয়েছি। এই ভাবে কাটলে মা বলতো চাঁদ চাঁদ করে কাটা।
🌿4 টে কাঁচা টম্যাটো ও 1 টা বড়ো সাইজের পাকা টম্যাটো
কেটে নিয়েছি।
🌿তেল গরম করে বিউলির ডাল বাটা ফেটিয়ে নিয়ে ছোট ছোট বড়া ভেজে তুলে রেখেছি।
🌿বড়া ভাজার তেল একদম কমিয়ে অল্প তেল রেখে
প্রথমে সর্ষে ফোড়ন দিয়ে তারপর একে একে মেথি,কারিপাতা ও হিং দিয়ে সুগন্ধ বের হলে প্রথমেই আলু দিয়ে ভেজে তারপর কাঁচা,পাকা টম্যাটো নুন হলুদ ও কাঁচালঙ্কা দিয়ে 2/3 মিনিট ভেজে পরিমাণ মত জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। সব ভালো করে সেদ্ধ হলে বড়া দিয়ে 2/3 মিনিট টগবগ করে ফুটিয়ে একটু ঝোল থাকতে নামিয়ে নিয়েছি।
কোনোরকম মশলা ছাড়াই খুব সুন্দর খেতে হয়।
📌আমি ইডলি করবো বলে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তাই দিয়েই বানিয়েছিলাম তোমরা চাইলে অন্য ডাল ব্যবহার করতে পারো কিন্ত বিউলির ডালের গন্ধের সাথে রান্না খুব মিশে গেছিল।
📌একটু ঝোল বেশি রাখবে বড়া ঝোল টেনে নেবে।তাছাড়া একটু গরম গরম ঝোল ঝোল করে মেখে দেখবে এই শীতের সময় দারুন লাগবে।

Sampa Nath

No comments:

Post a Comment