শিউলি ফুলকে ইংরেজিতে Night-flowering Jasmine বা Coral Jasmine বলা হয়। এছাড়া একে Tree of Sorrow বা Night Jasmine নামেও ডাকা হয়।
গাছটিকে "দুঃখের বৃক্ষ" বলা হয় কারণ ভোরে প্রস্ফুটিত ফুল ঝরে পড়ার সাথে সাথে পাতা ঝুলে যায়। ল্যাটিন arbor-tristis মানে "দুঃখী গাছ"। ভারত ও নেপালে, Nyctanthes arbor-tristis পারিজাত নামে পরিচিত। অন্যান্য ভারতীয় ভাষায়, এটি সেফালিকা (সংস্কৃত), পাভালামল্লিকাই (তামিল), পারিজাত (কন্নড়), পাভিজামাল্লি (মালয়ালম) এবং সিহারু নামে পরিচিত। মালয়েশিয়ায় এটি সেরি গ্যাডিং নামে পরিচিত এবং চীনে এটি নাই হুয়া বা হুং মো লি নামে পরিচিত।
শিউলির আরেক নাম পারিজাত! হিন্দু পৌরাণিক কাহিনীতে অনেক বার এসেছে শিউলি ফুল বা পারিজাত এর কথা।
কৃষ্ণের দুই স্ত্রী- সত্যভামা ও রুক্মিণীর খুব ইচ্ছে তাদের বাগানও পারিজাতের ঘ্রাণে আমোদিত হোক। কিন্তু পারিজাত তো স্বর্গের শোভা! কৃষ্ণ স্ত্রীদের খুশি করতে চান। তাই লুকিয়ে স্বর্গের পারিজাত বৃক্ষ থেকে একটি ডাল ভেঙ্গে এনে সত্যভামার বাগানে রোপণ করেন, যার ফুল রুক্মিণীর বাগানেও ঝরে পরে সুগন্ধ ছড়ায়। এদিকে স্বর্গের রাজা ইন্দ্র তো ঘটনাটা জেনে খুব রেগে যান! তিনি বিষ্ণু অবতারের উপর গোপনে ক্রুদ্ধ ছিলেন। এই কারণে তিনি কৃষ্ণকে শাপ দেন কৃষ্ণের বাগানের পারিজাত বৃক্ষ ফুল দেবে ঠিকই কিন্তু ফল কোনদিন আসবে না, তার বীজে কখনও নতুন প্রাণের সঞ্চার হবে না।
আরেকটি গল্পও আছে, এই ভেষজ বৃক্ষের!
পারিজাতিকা নামে এক রাজকন্যা সূর্যের প্রেমে পড়ে তাকে কামনা করেন। কিন্তু শত চেষ্টা করেও পান না। তাই তিনি আত্মহত্যা করেন। তার দেহের ভস্ম পারিজাতবৃক্ষ রূপে ফুটে ওঠে। যে কিনা নিরব ব্যর্থ প্রেমের প্রতীক! সূর্যের স্পর্শ মাত্র যে ঝরে পড়ে অশ্রুবিন্দুর মত। পৃথিবীর বুকে তুমি তার দুঃখের চিহ্ন দেখবে শত শত অশ্রুবিন্দুর মত সে সুগন্ধি ছড়িয়ে থাকে চারদিকে, আমরা এখন তাকে শিউলি রূপে দেখি তার শুভ্র দেহে গৈরিক বসনে।



No comments:
Post a Comment