কালো কচুর ডাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বাইরের খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নুন জলে সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। এদিকে আদা, জিরে, গোলমরিচ আর নারকেল একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই মশলাগুলো একত্রে ভীষণ ভালো স্বাদ এবং সুগন্ধ আনে রান্নায়। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়েছি বেশ কয়েকটি শুকনো লঙ্কা ফোড়ন। হালকা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি মশলার মিশ্রণ। সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন এবং চিনি। ভালোভাবে সমস্ত মশলাটা ভেজে নিয়েছি।এরপর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুশাক ঢেলে দিয়েছি কড়াইতে। সমস্তটা ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটা একটা পাতিলেবুর রস। ভয় নেই রান্না টক হবে না একেবারেই। বরং সুন্দর একটা স্বাদ আসবে রান্নায়। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে বেশ শুকনো আর তেলছাড়া মতো হলেই তৈরী নিরামিষ কচুশাক। এই নিরামিষ কচুর শাকে ছোলা এবং মটর ডালের বড়া দিয়েও আমি একই পদ্ধতিতে রান্না করি। গরম ভাতের সঙ্গে এরকম উপাদেয় একটি পদ থাকলে আর কিছুই লাগে না।
No comments:
Post a Comment