আমাদের বাঙালি সমাজে একটা অলিখিত নিয়ম আছে—কাউকে সম্মান জানাতে হলে তাকে খাওয়াতে হবে, এবং সেই খাওয়ানোটা হতে হবে রাজকীয়। টেবিলে যদি খাবারের পদের সংখ্যা গোনার মতো অবস্থায় থাকে, তবে ধরে নেওয়া হয় মেহমানদারিতে ঘাটতি রয়ে গেল।
ছোটবেলার একটা দৃশ্য আমাদের সবার খুব চেনা। বাড়িতে মেহমান এসেছে মানেই রান্নাঘরে হুলুস্থুল কাণ্ড। মা-চাচিরা ঘর্মাক্ত শরীরে আগুনের তাপে দাঁড়িয়ে একের পর এক পদ রান্না করছেন। মেহমানের প্লেটে জোর করে আরেক চামচ মাংস তুলে দেওয়াতেই যেন সব তৃপ্তি। আমরা বড় হয়েছি এই বিশ্বাস নিয়ে যে—"কাউকে খাওয়ানোই হলো ভালোবাসার চূড়ান্ত প্রকাশ।"
কিন্তু রিসেন্ট একটা বিষয় দেখে একটু ভাবতে বাধ্য হলাম। আমার খুব পরিচিত ট্রেইসি ফ্লিন, পেশায় নার্স ভদ্র মহিলা। বেশ ব্যস্ত এবং ধনী। প্রতি ঘন্টায় তার পারিশ্রমিক ৮০ ডলার, আর ওভারটাইমে ১২০ ডলার করে। কদিন আগে তাঁর বোনের ছেলে (Nephew) বেড়াতে এলো তাঁর কাছে বয়স ১২-১৩। আমি আশা করছিলাম, টেবিলে হয়তো খাবারের মেলা বসবে। কিন্তু অবাক হয়ে দেখলাম, তিনি রান্নাবান্নায় খুব একটা সময় নষ্ট করলেন না। খাবারের মেন্যু ছিল ক্যান ফুড একবেলা, কোন বেলায় ভুট্টা সিদ্ধ বা মিষ্টি কুমড়া বেইকড বা বেইকড মুরগী। খাবার দেখে অজান্তে জাজ করলাম, কেমন খালা সে হতাশ হলাম, আর একটু বিরক্তও হলাম।
কিন্তু যেটা লক্ষ্য করলাম, তিনি সেই ছেলেটাকে নিয়ে লাইব্রেরিতে বসে বই পড়ছেন, তাকে নিয়ে বাইরে ক্যাম্পিং-এ যাচ্ছেন, তাকে শেখাচ্ছেন কীভাবে মানুষের সাথে সুন্দর করে কথা বলতে হয়, কীভাবে নিজের কাজ নিজে করতে হয়। তিনি তাকে 'খাবার' দিলেন না, দিলেন তার জীবনের সবচেয়ে দামী সম্পদ—'সময়'।
এই ঘটনাটি আমাকে আমাদের সমাজ, অর্থনীতি এবং মনস্তত্ত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করল।
কেন আমরা খাবারকে এত গুরুত্ব দিই? এর পেছনে একটা ঐতিহাসিক এবং অর্থনৈতিক কারণ আছে আমার ধারনা। আজকে থেকে ৬০-৮০ বছর বা আমাদের দাদী-নানীদের যুগে ফিরে তাকালে দেখব, তখন এই অঞ্চলে খাবারের অভাব ছিল প্রকট। যখন কোনো জিনিস সমাজে কম থাকে, তখন সেটাই হয়ে ওঠে সবচেয়ে দামী উপহার। সেই অভাবের দিনে মেহমানকে নিজের ভাগের খাবারটুকু দিয়ে আপ্যায়ন করাটাই ছিল ভালোবাসার চূড়ান্ত নিদর্শন। আমাদের ডিএনএ-তে সেই স্মৃতি গেঁথে আছে।
এখন প্রশ্ন আসতে পারে—যাদের অভাব নেই, সেই বিত্তবানরাও কেন ভুরিভোজের আয়োজন করেন? আমরা প্রায়ই দেখি, সমাজের ধনী ব্যক্তিরা বা সামাজিকভাবে প্রতিষ্ঠিতরা মেহমান এলে টেবিল ভাসিয়ে দেন। তাদের তো আর অভাব নেই। তাহলে তারা কেন এটা করেন?
এখানেই আমার দ্বিতীয় হাইপোথিসিস। এই স্তরে এসে খাবার আর 'খাদ্য' থাকে না, এটা হয়ে যায় 'স্ট্যাটাস' বা 'সম্মান'-এর প্রতীক। একজন ধনী ব্যক্তি যখন আপনাকে ২০ পদের খাবার পরিবেশন করেন, তিনি অবচেতনভাবে দুটি বার্তা দেন: ১. আমার সামর্থ্য আছে (Status)। ২. আপনি আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার জন্য আমি এই বিশাল আয়োজন করেছি (Importance)।
অর্থাৎ, আমরা "মানুষের গুরুত্বকে" (Importance of a person) "খাবারের পরিমাণের" সাথে জুড়ে দিয়েছি। আমরা ভাবি, মেহমানকে যত বেশি খাওয়াব, তাকে তত বেশি সম্মান জানানো হবে। খাবার এখানে পেটের ক্ষুধা মেটানোর জন্য নয়, বরং সামাজিক অবস্থান জাহির করার এবং সম্মান দেখানোর একটা টুল হিসেবে কাজ করে।
কিন্তু আসল পরিবর্তনটা কোথায় দরকার? আমরা যে যুগে বাস করছি, সেখানে অনেকের কাছেই এখন খাবার সহজলভ্য। কিন্তু এখন আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব বা Scarcity কিসের জানেন? সেটা হলো 'সময়' এবং 'মানবিক সংযোগ' (Human Interaction)।
আমার সেই পরিচিত আপা এই সত্যটা ধরতে পেরেছেন। তিনি বুঝতে পেরেছেন, তাঁর নেফউকে দামী পোলাও-কোর্মা খাওয়ালে হয়তো সাময়িক তৃপ্তি হবে, বা লোকে বলবে "ইশ, কত খাওয়াল!"। কিন্তু তাতে শিশুটার মানসিক বা বুদ্ধিবৃত্তিক কোনো বিকাশ হবে না।
এর বদলে তিনি যখন তাকে নিয়ে বই পড়েন, জীবনের গল্প বলেন, প্রকৃতির কাছে নিয়ে যান—তখন তিনি তাকে এমন কিছু দেন যা টাকা দিয়ে কেনা যায় না। তিনি তাকে তৈরি করছেন একজন ভালো মানুষ হিসেবে। তিনি 'খাবার' নামক সহজলভ্য বস্তু দিয়ে নয়, বরং নিজের 'সময়' নামক দুষ্প্রাপ্য সম্পদ দিয়ে তাকে সম্মান জানাচ্ছেন।
সভ্যতার সাথে সাথে 'দামী' জিনিসের সংজ্ঞা বদলায়। একসময় যা ছিল এক থালা ভাত, আজকের যান্ত্রিক যুগে তা হলো—কারো চোখের দিকে তাকিয়ে নিবিড়ভাবে দুটো কথা বলা।
তাই বলে কি অতিথিকে খাওয়াব না? অবশ্যই খাওয়াব। কিন্তু আমাদের বুঝতে হবে, অতিথিকে কেবল দামী খাবার দিয়ে পেট ভরানোই আতিথেয়তা নয়। বরং রান্নার ধোঁয়া থেকে বেরিয়ে এসে, ড্রইংরুমে বসে তার সুখ-দুঃখের খবর নেওয়া, তাকে কিছুটা কোয়ালিটি সময় দেওয়া—এটাই হয়তো আজকের দিনের আধুনিক এবং শ্রেষ্ঠ আতিথেয়তা।
দিনশেষে, আপনি মানুষকে কী খাওয়ালে তা হয়তো সে ভুলে যাবে, কিন্তু আপনি তাকে কেমন অনুভব করালেন—সেটা সে মনে রাখবে। আর কাউকে 'স্পেশাল' অনুভব করানোর জন্য এক টেবিল খাবারের চেয়ে, এক বিকেলে আন্তরিক সঙ্গ অনেক বেশি শক্তিশালী।
~ Rubayet Rahman Rongon
No comments:
Post a Comment