———
বয়স যখন বাংলাদেশের মুসলিম নারীদের চল্লিশোর্ধ হয় তখন অনেককেই দেখি নামাজ কালামের পাশাপাশি হিজাব, বোরখা পরিধান করতে, গান বাজনা বর্জন করতে, মৃত্যুর পরের দুনিয়ায় যাবার আয়োজনে ব্যস্ত হতে। মাশাল্লাহ। এধারা ছোটবেলা থেকেই দেখে আসছি। এ ধারা আমার সময়ের যারা তাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। তবে কেউ কেউ ছোটবেলা থেকেই সবসময় পর্দার ব্যাপারে সিরিয়াস থাকে। তাদেরও দেখেছি। কেউ কেউ আমার মতোও আছে। মন চেয়েছে মাথায় কাপড় দিয়েছে আবার মন চায়নি তো দেয়নি। আমার মতো যারা তারা তাদের ব্যাক্তিগত চিন্তাধারায় যা সঠিক বলে মনে করে তাই করে। ধর্ম বা প্রচলিত রীতিনীতি কোনটিকে নিজের জীবনের উপরে ভারী হতে দেয় না, যতটা যৌক্তিক মনে হয় করে নয়তো করে না।
আসলে ধর্ম যার যার ধারণ করার বিষয়। সবাই আমরা একরকম তো নই। যার যার কর্মের হিসাব সে দেবে। তাহলে সবাইকে নিজের মতো করে ধার্মিক পোষাকী চিন্তায় বিবেচনা করাও কি সঠিক?
কট্টরতাকে আমাদের সমাজে ধর্মীয় চিন্তাভাবনার নামে অন্যদের উপরে চাপিয়ে দেবার প্রয়াস চলছে যেন।ব্যক্তির কর্মের হিসাব অনুযায়ী ব্যাক্তির বেহেশত দোযখ যেহেতু হবে তাই ব্যাক্তির পোষাকের চিন্তা ব্যাক্তি করুক। অযথা কারো সমালোচনা করে নিজের আমলনামায় কেন পাপ বাড়ানো? কে জানে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা করেও হয়তো মিথিলা অনেকের জন্য এমন ভাল কিছু করতে পারে যা কোটি পর্দানশীন ও পারেননি কখনও।
তাই মানুষ তার ইচ্ছানুযায়ী অগ্রসর হবার পথ বেছে নিক যাতে অন্যের কোন ক্ষতি নেই। অগ্রসর হবার স্বতঃস্ফূর্ততা বাঁধাগ্রস্ত হলে
বাংলাদেশই পিছিয়ে পড়বে পৃথিবীর কারো এতে কিছু হবে না, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা ও বন্ধ হবে না। বরং পৃথিবী জানবে বাংলাদেশ একটি কট্টর ধর্মান্ধতায় আকন্ঠ নিমজ্জিত দেশ যেখানে অন্যায় দুর্নীতি লুট সন্ত্রাস হত্যা পাশবিকতা বন্ধে সোচ্চার না হয়ে
জনগণ তাদের বিবেক বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ডিজার্ভিং মিথিলার সমালোচনায় ব্যয় করে।
এজন্যই কৌতুক করে বলা হয় যেই দোযখে বাংলাদেশের মানুষ থাকবে ঐ দোযখে পাহারাদার লাগবে না। তাই মিথিলাদের বলছি এসবে কান দেবেন না। বহু কাঠখড় পুড়িয়ে এতোদূর এসেছেন, এগিয়ে যান আরো বহুদূর, আমাদের কথা, সমালোচনা শুনবেন না। আমরা নিজেরা কিছু করতে পারিনি, তাই দু একটা জ্বালিকুটি বলে আপনার হৃদয় একটু ঝাঁঝরা করতে আমাদের কেউ কেউ পছন্দ করে। এটা বাংলাদেশের জলবায়ুর দোষ। আপনি ওতে কান দেবেন না। এগিয়ে যান মিস ইউনিভার্স বাংলাদেশ
তানজিয়া জামান মিথিলা। আপনার এই দৃঢ়তা, এগিয়ে যাওয়া আরো অনেক মিথিলার মনে অগ্রসর হবার স্বপ্ন তৈরী করবে।এটিই আমাদের প্রাপ্তি।এগিয়ে যাক নারী তার মতো করে।
- শামসুন নাহার
No comments:
Post a Comment