বাঙালি হেঁসেলের বিশেষ একটা পদ ছ্যাঁচড়া।যে কোনও নিমন্ত্রণ বাড়ির দুপুরের খাওয়া দাওয়া এই পদ ছাড়া অসম্পূর্ণ।ছ্যাঁচড়া নিরামিষও করা যায় আবার আমিষও করা যায়। কাতলামাছ ইলিশমাছের মাথা দিয়ে একাধিক স্বাদের ও ফোড়নের ছ্যাঁচড়া তৈরি হয়।মাছের মাথা, মাছের তেল এই রান্নার গুরুত্বপূর্ণ পদ। মাছ ও ফোড়নের জন্য নির্ধারিত হয় ছ্যাঁচড়ার স্বাদগন্ধ। আজকে দুপুরে পাতে ছিল গরম ভাতের সাথে কাতলা মাছের মাথার ছ্যাচড়া এই রেসিপি আমার মায়ের থেকে শেখা।
ছ্যাচড়া বানানোর জন্য কাতলা মাছের মাথা আর মাছের তেল নিয়ে নিয়েছিলাম। সবকিছু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতে তেল দিয়ে মাছের মাথা ভালো করে ভেজে তুলে নিয়েছি। এরপর তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে প্রথমে আলু তারপর কুমড়ো দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে এরপর বেগুন, ঝিঙে, পটল আর পুঁই শাকের ডাটা আর পাতা দিয়ে দিয়েছি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে সবজি মজে এলে মাছের মাথা ভাজা আর মাছের তেল দিয়ে দিয়েছি। এবার খালি কষানোর পালা। সবজি থেকে যেই জল বেরোবে সেই জল টেনে একদম শুকনো হওয়া অবধি লো ফ্ল্যামে খালি নাড়াচাড়া করে যেতে হবে।আর কোনো মশলা আমি এতে দিইনি।এই ছ্যাচড়া সময় নিয়ে যত কষানো হবে তত স্বাদ।আর কি গরম ভাত আর ছ্যাচড়া থাকলে অন্য কোনো কিছুর আর দরকার পড়ে না।
No comments:
Post a Comment