আমার প্রতিবেশী ননদ সোমা, যে আমার একমাত্র বন্ধু। বাড়ি এলে যে আমার একমাত্র সঙ্গী।
মেয়েটির বয়স চলছে তেত্রিশ। দেখতে সুন্দর। বিএ পাশ। এখনও বিয়ে করেনি। ওর ইচ্ছে ছিলো কোনোদিন বিয়ে করবে না।
অল্প বয়সে সে একবার প্রেমে পড়েছিলো। যখন সে অষ্টম শ্রেণীতে পড়তো, তখন একবার স্কুল পালিয়ে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে এলাকার বখাটে ছেলেদের হাতে ধরা পড়েছিলো। তারপর তাকেসহ তার বাবাকে অনেক অপদস্ত হতে হয়েছিলো। স্কুল থেকে ওকে বহিষ্কার করেছিলো।
তারপর সে আর চার বছর স্কুলে যায় নাই। আমি অনেক বোঝাতে বোঝাতে অবশেষে সে রাজি হয়ে উন্মুক্ত স্কুলে ভর্তি হয়েছিলো। তারপর এসএসসি শেষ করে কলেজে ভর্তি হয়, সেখান থেকেই ডিগ্রী পাশ করে। ওর ইচ্ছে ছিলো অনার্স করা, কিন্তু চার বছর গ্যাপ দিয়ে উন্মুক্তে পড়ার কারণে সে আর অনার্স করতে পারে না।
এই একই কারণে সে সরকারি চাকরিরও আবেদন করার সুযোগ পায়নি। এলাকার হাসপাতালেও কোনও একটা জব করতে পারেনি। সে একটা দু' হাজার টাকা বেতনে কিন্ডারগার্টেনে শিক্ষকতা করে, আর দু' চারটে টিউশনি করে।
সে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলো, আমি যেন তাকে ঢাকায় নিয়ে যেকোনও একটা কাজের ব্যবস্থা করে দেই। কিন্তু আমি সেটা পারিনি। ওকে নিয়ে কোথায় রাখব কি করব, সেইসব ঝামেলার কথা চিন্তা করে বিষয়টাতে ততটা গুরুত্ব দেইনি।
এখন আমি বছরান্তে বাড়ি এলে ওর সাথে দেখা হয়, কথা হয়। প্রতিবার বাড়ি এলেই আমি ওকে বুঝাই যেন সে একটা নিজের পছন্দমতো বিয়ে করে। নাহয় সে বাবা ভাইয়ের সংসারে থাকতে পারবে না। কিন্তু সে কিছুতেই রাজি হয় না। বলে আমি এমনই ভালো আছি। আমার জীবন আমি এভাবেই কাটাতে চাই।
কিন্তু এইবার বাড়ি এলে সে বলতেছে, ভাবি, তোমার কথাই ঠিক। তুমি বলেছিলে আমার ভাইয়েরা বিয়ে করলে তারপর ওদের কাছে আমি বোঝা হয়ে যাবো, অথচ ওরা বিয়ে করার আগেই আমি বোঝা হয়ে গেছি।
একটা মেয়ে শুধুমাত্র বিয়ে না করার অপরাধে নিজের সংসারে এতটা বোঝা হয় ভাবি আমি নিজেকে দিয়ে প্রমাণ না হলে বিশ্বাস করতাম না। পরিবারের প্রত্যেকটি মানুষ আমার সাথে খারাপ আচরণ করে। আমার ছোট ছোট ভাই, আমার বাবা, আমার মা, আমার বোন, সবাই। আমি অধৈর্য হয়ে গেছি ভাবি। পারলে ওরা যেন কখন আমায় বস্তায় ভরে বেড়ালের বাচ্চার মতো রাস্তায় ফেলে দিয়ে আসে।
তারচাইতে এতদিনে যদি আমি বিয়ে করতাম আমার দু একটা সন্তান থাকতো, আমার একটা সংসার থাকতো, আমার একজন সুখ দুঃখের সাথী থাকতো, বলতে বলতে ওর গলা ধরে এলো, চোখ জলে ভরে উঠলো।
তারপর বললো, ভাবি তুমি দেইখো, যদি তেমন ছেলে পাও আমাকে বিয়ে দিয়ে দিও।
আমি বললাম, আমার পছন্দের ছেলে তো তোমার পছন্দ হবে না, তুমি নিজে কাউকে পছন্দ করো। সে বললো, আমার আর ওই বয়স নেই, আমি প্রেম করতে পারি না। যেকোনও একজন আমায় বিয়ে করলেই আমি বেঁচে যাই।
নারীজীবন কতটা অভিশপ্ত এক জীবন।
Khadiza Haque
No comments:
Post a Comment