জাপানের সেতো ইনল্যান্ড সিতে ছোট্ট একটি দ্বীপ আছে। নাম আওশিমা। এর আয়তন মাত্র ০.৫ বর্গকিলোমিটার। মজার ব্যাপার হলো, এখানে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা বেশি। এই দ্বীপটিতে প্রায় ৮০টি বন্য বিড়াল বাস করে। আর মানুষের সংখ্যা মাত্র তিন।
১৭ শতকে আওশিমায় বসতি গড়ে ওঠে। তখন এটি প্রায় ৯০০ জেলের গ্রামে পরিণত হয়। জেলেরা ইঁদুরের উপদ্রব কমাতে কিছু বিড়াল নিয়ে আসে। কারণ, ওই সময়ে ইঁদুর মাছ ধরার জাল নষ্ট করত। কিন্তু ২০ শতকে মাছ ধরার ব্যবসা কমে গেলে মানুষ দ্বীপ ছেড়ে মূল ভূখণ্ডে চলে যায়। অনেকেই তাদের বিড়াল রেখে যায় আর সেগুলো বংশবৃদ্ধি করতে থাকে।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, প্রায় ১০ বছর আগে এখানে ২০০টির মতো বিড়াল ছিল। কিন্তু ২০১৮ সালে ব্যাপকভাবে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম চালানো হয়। ফলে বিড়ালের সংখ্যা অর্ধেকের বেশি কমে যায়। এরপর থেকে আর কোনো বিড়ালের বাচ্চা জন্মানোর খবর পাওয়া যায়নি। বর্তমানে সব বিড়ালের বয়স সাত বছরের বেশি এবং এক-তৃতীয়াংশ বিড়াল ইনব্রিডিংয়ের কারণে বিভিন্ন রোগে ভুগছে।
দ্বীপে থাকা এখনকার বিড়ালগুলো জাপানের বিভিন্ন জায়গা থেকে আসা খাবারের ওপর নির্ভর করে বেঁচে আছে। অনেক বিড়াল এখন পরিত্যক্ত বাড়ি ও ভেঙে পড়া ভবনে থাকে.
No comments:
Post a Comment