টমেটো পাঁচফোড়ন দিয়ে আলুর তরকারি সাথে গরম গরম লুচি। খুব সহজ আর আদা পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপি খেতে বেশ সুস্বাদু। প্রথমে আলু অল্প নুন দিয়ে ভেজে নিয়েছি। ভাজতে না চাইলে আলু ভাপিয়ে রাখাও যাবে।এরপর তেলে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে দিয়েছি জলে গুলে রাখা হলুদ গুঁড়ো,লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরী লঙ্কার গুঁড়োর মিশ্রন। ঢাকা দিয়ে মশলা থেকে তেল বেরোনো অবধি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরোলে দিয়েছি টমেটো কুচি। আমি ২ টো বড় সাইজের আলুর জন্য ১ টা বড় সাইজের টমেটো দিয়েছি।অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। টমেটো ভালো করে মজে নরম হয়ে এলে দিয়েছি ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কা। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মত জল,নুন আর অল্প চিনি।আলু ভালো করে সেদ্ধ হয়ে ঝোল গা মাখা মাখা হয়ে এলে সবশেষে ভেজে রাখা পাঁচফোড়ন গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি।
Oindrila Bhattacharyya
No comments:
Post a Comment